কুমিল্লার আলোচিত কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) পিবিআই জানায়, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারামুক্ত হন।
এরপর গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত।
আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুর রহমান পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় শুক্রবার তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।