ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ৯০ বোতল নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে জেলার রুহিয়া থানাধীন কালীতলা বাজারের মসজিদ সংলগ্ন পঞ্চগড়-ঠাকুরগাঁও পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিরাইল গ্রামের মশিরউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪২) এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের নিজামউদ্দিনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।
এসআরবি-১৩ জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কালীতলা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে নিষিদ্ধ সিরাপ পরিবহনের অভিযোগে দেলোয়ার হোসেন ও মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় এসআরবি-১৩ বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহিয়া থানায় মামলা করেছে। জব্দ করা মাদক ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।