সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসাধারণকে সচেতন করতে প্রশংসনীয় ভূমিকা রাখায় ‘সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬’ পেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়া থানা শাখার সভাপতি জি এম খসরুজ্জামান মিন্টু।
বাংলাদেশের স্বনামধন্য জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম জাতীয় মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সারাদেশ থেকে আগত নিসচার বিভিন্ন শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।
আয়োজনে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জি এম খসরুজ্জামান মিন্টুর হাতে ‘সড়ক যোদ্ধা সম্মাননা স্মারক-২০২৬’ তুলে দেওয়া হয়।
এছাড়া জি এম খসরুজ্জামান মিন্টুর নেতৃত্বাধীন নিসচা আশুলিয়া থানা শাখা সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় ‘জাহানারা কাঞ্চন স্মৃতিপদক’ অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের স্বীকৃতি সংগঠনের নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।