সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী


বর্তমানের গভীর সংকট থেকে কেবল বিএনপিই দেশকে টেনে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতীতেও বিভিন্ন সংকটের সময় বিএনপি দেশকে উদ্ধার করেছে।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগতে পারে। তবে সঠিকভাবে কাজ করলে বিএনপিই এই সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।


তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান পারবেন।’


দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে বড় আকারের বাজেট দেওয়ার সাহস সবার থাকে না। বিএনপির বর্তমান নেতৃত্ব সেই সাহস দেখিয়েছে। এই বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।


সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য