শাহজালালে শার্টের নিচে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান নাগরিক আটক

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮
শাহজালালে শার্টের নিচে লুকানো সাড়ে ৪ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান নাগরিক আটক


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মালয়েশিয়ান নাগরিকের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া ২৪ ক্যারেটের এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।


রোববার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এনবিআর সূত্রে জানা গেছে, কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন ৪৩ বছর বয়সী মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।


পরে ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাকে তল্লাশি করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার শার্টের নিচে কালো কাপড়ের তৈরি বিশেষ বেল্টের মধ্যে লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়।


কাস্টমস কর্মকর্তারা তার শরীর থেকে মোট ৯টি স্বর্ণের বার উদ্ধার করেন। এর মধ্যে চারটি বারের প্রতিটির ওজন এক কেজি এবং বাকি পাঁচটির প্রতিটির ওজন ১০০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪ দশমিক ৫ কেজি। পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।


কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রী স্বর্ণ বহনের বিষয়ে কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। একই সঙ্গে স্বর্ণগুলোর বৈধ মালিকানা বা বহনের পক্ষে প্রয়োজনীয় কোনো নথিপত্রও তিনি দেখাতে পারেননি।


এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। পাশাপাশি কাস্টমস আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য