মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার ও শনিবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে রোববারও। এ সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।