রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে তা কিনবে সরকার। বাল্ক রেটের অতিরিক্ত অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।


প্রধানমন্ত্রী বলেন, রুফটপ সোলারে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে ৬ থেকে ৭ টাকা খরচ হলেও সরকারের এ উদ্যোগের ফলে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ তৈরি হবে। এ সুবিধা পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।


জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যয় কমাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।


তিনি জানান, গত ৮ জুন সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় পণ্য—সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারিসহ সংশ্লিষ্ট সরঞ্জামের ওপর প্রযোজ্য বিভিন্ন শুল্ক ও কর শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে।


সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ কর্মসূচি বাস্তবায়নে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।


সৌরবিদ্যুতের পাশাপাশি পানি, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কার্যক্রম বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বাড়ানো সম্ভব হবে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য