রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতির পদে নতুন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার বা পরবর্তী কার্যদিবসে কমিশন বৈঠক করে নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে। তিনি বলেন, খুব দ্রুতই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্বাচন পরিচালিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, তবে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একমাত্র প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এসব শারীরিক সমস্যার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।