প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো দেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ নির্বাচনের মতো ভোটগ্রহণ হয় না। এ নির্বাচনে কেবল জাতীয় সংসদ সদস্যরা ভোটার। ভোট দেওয়ার পদ্ধতিও আলাদা।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের দুটি অংশ রয়েছে। এক অংশে ব্যালটের ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর ও স্বাক্ষরের জায়গা থাকবে। অন্য অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের পাশে স্বাক্ষরের জন্য নির্দিষ্ট স্থান থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন সহকারী কর্মকর্তারা। সংসদ কক্ষেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোটগ্রহণের জন্য কোনো বুথ রাখা হয়নি। সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ব্যালট গ্রহণ করবেন এবং ভোট দেওয়ার পর সুবিধামতো কাছের যেকোনো একটি বাক্সে ব্যালট ফেলবেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা করা হবে। কতটি ভোট পড়েছে, কতটি বৈধ হয়েছে এবং দুই প্রার্থীর মধ্যে কে কত ভোট পেয়েছেন—গণনা শেষে এসব তথ্যসহ ফল ঘোষণা করবেন নির্বাচনকর্তা সিইসি। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।
রাষ্ট্রপতি পদে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।