রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৩:০৮
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা


দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ বলে মন্তব্য করে দাবি করেছেন, ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল।


বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ১০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। ভোট গণনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।


রাষ্ট্রপতি নির্বাচনে মোট ছয়জন সংসদ সদস্য ভোট দেননি। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।


ভোট না দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা তিনটি কারণ তুলে ধরেন।


প্রথম কারণ হিসেবে তিনি বলেন, তার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটের ফলাফল নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। তার দাবি, ফলাফল আগে থেকেই জানা ছিল।


দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, বড় একটি গণঅভ্যুত্থানের পরও একজন অরাজনৈতিক ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করার সুযোগ কাজে লাগানো হয়নি।


তৃতীয় কারণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে এনেছে।


রুমিন ফারহানা বলেন, বিএনপি ২০১৬ সাল থেকে ভিশন ২০৩০ নিয়ে কথা বললেও এখন দলের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিলের কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি এ নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ হিসেবে দেখছেন বলে জানান।


সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়। একইভাবে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিধান রয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য