দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।
তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। অসুস্থতাজনিত কারণে বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না।
ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় ভোট দিতে পারছেন না।
প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।