রাষ্ট্রপতি হতে চেয়ে ভাইরাল, কে এই খাইরুল দেওয়ান?

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৪:০৮
রাষ্ট্রপতি হতে চেয়ে ভাইরাল, কে এই খাইরুল দেওয়ান?

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছে খাইরুল দেওয়ানের নাম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই তাকে রসাত্মকভাবে ‘প্রিয় নেতা’ উল্লেখ করে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার মন্তব্য করছেন। তবে কে এই খাইরুল দেওয়ান এবং কীভাবে তিনি আলোচনায় এলেন—তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।


খাইরুল দেওয়ান প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলাকালে তিনি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তবে তার অভিযোগ ছিল, নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দেয়নি।


এর প্রতিবাদে তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে কয়েকজন সমর্থককে নিয়ে মানববন্ধন করেন। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনে আইনি লড়াইয়েরও ঘোষণা দেন।


মনোনয়নপত্র না পেলেও তিনি বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যান। বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুযোগ দাবি করেন।


এসব কর্মসূচির ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি দ্রুতই আলোচনায় চলে আসেন। নেটিজেনদের অনেকেই তার বক্তব্য ও কর্মকাণ্ডকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করতে শুরু করেন। ধীরে ধীরে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী’ হিসেবে তার একটি আলাদা পরিচিতি তৈরি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন মিম, ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ে।


পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাইরুল দেওয়ান ‘স্বঘোষিত জনকল্যাণ পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দেন। রাজধানীর পল্টন, তোপখানা রোড, হাইকোর্ট এলাকা ও গুলিস্তানসহ বিভিন্ন স্থানে তাকে এ বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে। এমনকি রাষ্ট্রপতি পদ শূন্য না থাকলে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার আগ্রহের কথাও তিনি বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়, খাইরুল দেওয়ানের আদি বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় দেশের বিভিন্ন জেলায় সরকারি কোয়ার্টারে তার শৈশব কেটেছে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তার স্থায়ী ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাহপুর-কুচিয়ামোড়া এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।


বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে খাইরুল দেওয়ানের নাম আবারও সামনে আসছে। তবে তাকে ঘিরে যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তা মূলত অনলাইনভিত্তিক রসাত্মক আলোচনা ও ভাইরাল কনটেন্টের ফল। এর সঙ্গে বাস্তব রাজনৈতিক সমর্থনের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য