রাষ্ট্র ফ্যাসিবাদী বা ভঙ্গুর হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, আগামী কয়েক বছর দেশে স্থিতিশীলতা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারী ও বিভিন্ন অংশীজনের আস্থা ধরে রাখা জরুরি। রাষ্ট্র পুনর্গঠনের জন্য একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা, অন্যদিকে জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি প্রয়োজন। দীর্ঘদিনের সন্ত্রাস ও ক্ষতির প্রভাব কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক পরিবর্তন আনতে হবে।
এ জন্য আস্থা ও স্থিতিশীলতার পথে যেসব অনাকাঙ্ক্ষিত সংকট রয়েছে, সেগুলো সবাইকে সম্মিলিতভাবে দূর করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রকে গড়ে তোলার কাজও করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে।