গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনা দায়ী। বর্তমানে আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লংমার্চ করার অধিকার রয়েছে। তবে সংকট সমাধানে রাজপথের কর্মসূচির পাশাপাশি সংসদে কার্যকর পরামর্শ ও বিকল্প পরিকল্পনা তুলে ধরা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদ।
রুহুল কবির রিজভী বলেন, দেশকে এগিয়ে নিতে শুধু অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমেও দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।