প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১৩:৪৪
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী


পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।


বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে রোববার (৪ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং বাড়তে থাকা আবাসন চাহিদার প্রেক্ষাপটে ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’ প্রতিপাদ্যটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।


তিনি জানান, আবাসন, নগর পরিকল্পনা, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতাকে সমন্বয় করে দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের আবাসন নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।


প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে অপরিকল্পিত নগরায়ন, যানজট, দূষণ, আবাসন সংকট, অপর্যাপ্ত নাগরিক সেবা এবং জলবায়ুজনিত অভিবাসন নগরজীবনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


এসব সমস্যা মোকাবিলায় সুষম আঞ্চলিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।


প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু একটি ঘর নয়—নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবাকেও ‘সবার জন্য বাসস্থান’ ধারণার অংশ হিসেবে বিবেচনা করছে সরকার।


তিনি জানান, পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান তৈরির পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সুষম ও পরিকল্পিত নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হবে।


টেকসই নগর ও আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নগর ও গ্রাম নির্বিশেষে প্রত্যেক মানুষ নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, প্রয়োজনীয় নাগরিক সেবা এবং পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাসের সুযোগ পাবে।


পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে মানবিক, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য