বায়োটেকনোলজি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ-২০২৬’ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। জাপানের ‘দ্য সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান’ (এসবিজে) তাঁকে এ সম্মাননা প্রদান করেছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এসবিজের ৭৮তম কনফারেন্সে তাঁকে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের পুরস্কারপ্রাপ্ত গবেষণার বিষয় হলো—‘ইঞ্জিনিয়ারিং ন্যানোজেল ডিসপারশন ফর অ্যাডভান্সড ড্রাগ ডেলিভারি সিস্টেমস’। উন্নত ও কার্যকর ওষুধ সরবরাহব্যবস্থা (ড্রাগ ডেলিভারি সিস্টেম) তৈরিতে ন্যানোজেল ডিসপারশন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ গবেষণা উন্নত ওষুধ সরবরাহব্যবস্থা তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে উন্নত ওষুধ সরবরাহব্যবস্থা নিয়ে তাঁর গবেষণা ভবিষ্যতে চিকিৎসা ও ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
পুরস্কারপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “নিজের মেধা ও মনন দিয়ে বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করেছি। আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে যখন আমার বিশ্ববিদ্যালয় ও দেশের নাম উচ্চারিত হচ্ছিলো; তখন খুব গর্ববোধ করি।”
পুরস্কার অর্জনের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ড. জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।
উল্লখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি জাপান (এসবিজে) জাপানের একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন, যা জীবপ্রযুক্তি ও জীবনবিজ্ঞানের গবেষণা, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করে। প্রতিষ্ঠানটি বিশ্বের তরুণ গবেষকদের উৎসাহিত করতে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা প্রদান করে থাকে।