বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা করেন। তিনি বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত উৎকর্ষ, সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে এডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের সংকটকালীন সময়ে নৌবাহিনী প্রধান হিসেবে এডমিরাল নাজমুল হাসানের নেওয়া পদক্ষেপগুলো সময়োপযোগী ও দেশের জন্য কল্যাণকর ছিল।
অস্থিতিশীল পরিস্থিতিতেও স্থানীয় প্রশাসনকে সহায়তা করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকার জন্য প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
সাক্ষাতের শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এদিকে, বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা এবং আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের প্রতিও সরকারের একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।হয়।