নির্ধারিত দামের বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি, অভিযোগ করবেন ১৬১২১ নম্বরে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫
নির্ধারিত দামের বেশি গ্যাস সিলিন্ডার বিক্রি, অভিযোগ করবেন ১৬১২১ নম্বরে


সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ জানাতে ভোক্তাদের ১৬১২১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

গ্যাস সিলিন্ডারের বাজারে নির্ধারিত মূল্য কার্যকর রাখতে রাজধানীসহ দেশের ১৬ জেলায় বিশেষ অভিযান চালিয়েছে সংস্থাটি। শনিবার (৩ অক্টোবর) অধিদফতরের ২৩টি দল একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি চালায়।

অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা-অধিকার অধিদফতর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় বন্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তদারকির সময় ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখা হচ্ছে কি না, ক্রয় ও বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা হচ্ছে কি না এবং ক্রেতাদের রশিদ দেওয়া হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।

একই সঙ্গে সিলিন্ডারের নিরাপত্তাবিধি অনুসরণ, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি এবং অন্যান্য সম্ভাব্য অনিয়মের বিষয়েও নজরদারি চালানো হয়।

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত কিংবা সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশ দিয়েছে অধিদফতর। পাশাপাশি সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি এবং হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার কেনার সময় ভোক্তাদের সিলিন্ডারের ওজন, সিল, মেয়াদ এবং দৃশ্যমান কোনো ত্রুটি রয়েছে কি না তা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মূল্যতালিকা যাচাই করে পণ্য কেনার পাশাপাশি ক্রয়ের রশিদ বা ভাউচার সংরক্ষণেরও আহ্বান জানানো হয়েছে।

কোনো ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য নিলে বা অন্য কোনো অনিয়ম করলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানো যাবে।

বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য