নাটোরের লালপুরে ১০৬ পিস ইয়াবাসহ রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে দুটি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম আল আমিন (২৩)। তিনি রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এবং লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার অপর দুজন হলেন লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির একটি কক্ষ থেকে তিনজনকে আটক করে পুলিশ।
পরে তাদের দেহ তল্লাশি ও ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহারের অভিযোগে দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।