মরিয়মের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া পরিবারের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০
মরিয়মের মরদেহ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া পরিবারের


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরায় নিতে অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতেও ধার করতে হয়েছে তাঁর পরিবারকে। মরিয়মের ফুফা সিকান্দারের দাবি, ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন তাঁরা।


সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদমাধ্যমকে এসব কথা জানান মরিয়মের ফুফা।


সিকান্দার বলেন, মরিয়মের মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ প্রায় ১৭ হাজার টাকা প্রয়োজন হয়। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় অন্যের কাছ থেকে টাকা ধার করে সেই খরচ মেটাতে হয়েছে।


একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি বা খোঁজ নেননি।


এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশের তথ্য অনুযায়ী, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামে বরাদ্দ থাকা ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে মরিয়মের মরদেহ পাওয়া যায়।


খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে যায় এবং পরে রাতে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


মরিয়মের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা মাছুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।


সোমবার ওই মামলায় গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য