কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও বাংলাদেশ গণিত সমিতির যৌথ উদ্যোগে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’। প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণিত শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় করে রাখতে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে বলে জানায় আয়োজক কমিটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জনি আলম স্বাক্ষরিত এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি, সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহাতাব উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।
সেমিনারে গণিতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহমুদ প্রবন্ধগুলো উপস্থাপন করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গণিতের নতুন জ্ঞান ও গবেষণার সঙ্গে পরিচিত করা, তাদের গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করা এবং শিক্ষক-গবেষকদের মধ্যে একাডেমিক মতবিনিময় ও গবেষণা সহযোগিতার সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি গণিতের সাম্প্রতিক গবেষণা ও নতুন জ্ঞান নিয়ে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশকে আরও গতিশীল করাও এ আয়োজনের লক্ষ্য।
সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “প্রয়াত অধ্যাপক ড. আনোয়ার হোসাইন গণিত শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং গণিতের সাম্প্রতিক গবেষণা ও নতুন জ্ঞান শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে ছড়িয়ে দেওয়াই এ সেমিনারের মূল উদ্দেশ্য। আমরা আশা করি, এ আয়োজন শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করবে।”