জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩
জ্বালানি সংকট কাটাতে আরও এলএনজি কিনছে সরকার



আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দামের অস্থিরতার মধ্যেই জ্বালানি সংকট মোকাবিলায় আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে সরকার। এবার প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৩ মার্কিন ডলার পর্যন্ত দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়।


জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিন কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর ৪৯তম কার্গো, ১ থেকে ২ অক্টোবর ৫০তম কার্গো এবং ৫ থেকে ৬ অক্টোবর ৫১তম কার্গো সরবরাহের কথা রয়েছে।


৪৯তম কার্গোর জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দর প্রস্তাব করেছে। ৫০তম কার্গোর জন্য বিপি সিঙ্গাপুরের দর ২৮ দশমিক ০৩ ডলার এবং ৫১তম কার্গোর জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুরের দর ২৬ দশমিক ৬৬৮৮ ডলার।


এর আগে ২৪ আগস্টের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তারও এক সপ্তাহ আগে ২৩ দশমিক ৯৩ ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছিল।


ফলে কয়েক সপ্তাহের ব্যবধানে আমদানি করা এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের ডিসেম্বরে সরকার প্রতি এমএমবিটিইউ ১০ দশমিক ৫০ ডলারের নিচে দরে এলএনজি কিনেছিল। সে তুলনায় বর্তমানে দাম প্রায় তিন গুণের কাছাকাছি।


এদিকে, সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর ও পেট্রোবাংলার মধ্যে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় অতিরিক্ত আরও এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।


১০ সেপ্টেম্বর সরবরাহের জন্য প্রস্তাবিত ওই কার্গোটি আরামকো ট্রেডিং সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ ডলার দরে কেনার কথা রয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য