বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল বিএনপি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই দলটি গঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে বিএনপি।