সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ৭৬২ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।