হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৩১

বিভাগ: স্বাস্থ্য রিপোর্টার: অনলাইন ডেস্ক 05 Jul 2026, 10:23 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১ হাজার ৩১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১০৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা ৯২৫ জন। সব মিলিয়ে এক দিনে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

একই সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জনের।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮ হাজার ৮৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ১২২ জন।

হামের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে র‍্যাশ বা হামের অন্যান্য লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য