এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন বেতন কাঠামোর আওতায় বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটির মান ও অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের চিত্রও এতে উঠে আসে। তাই ভালো র্যাঙ্কিং অর্জন করতে হলে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ড. এহছানুল হক মিলন বলেন, সরকার ‘ক্রস বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। এটি চালু করা গেলে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। পাশাপাশি এর মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সম্পদও দেশে আনা সম্ভব হবে।
তিনি বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব না দিয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।
বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীর অভাব নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে। ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে মেধাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশকে একটি এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
২০০৩ সালের ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে চারটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ১৬টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরে মন্ত্রী খুলনার জিয়া হল চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি খুলনাকে বাংলাদেশের অন্যতম শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।