সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নির্ধারিত নতুন দামে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকায় বিক্রি হবে।
এ ছাড়া ১৮ কেজির দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ৩০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয়, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে।