ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শাটলে যাতায়াতের সময় এক ছাত্রীর কান থেকে সোনার দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি দুলটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠসংলগ্ন গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সানজিদা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শামসুন নাহার হলের আবাসিক ছাত্রী।
সানজিদার ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২২ মিনিট থেকে ৭টা ২৬ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শাটলে করে তোরণ থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন।
শাটলটি হাজী মুহম্মদ মুহসীন হল মাঠের গেটের সামনে পৌঁছালে সাদা পোশাক পরা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে কাছে আসেন। এরপর হঠাৎ তার কান থেকে টান দিয়ে একটি সোনার দুল ছিনিয়ে নেন। ঘটনার পর মোটরসাইকেল নিয়ে ভিসি চত্বরের দিকে দ্রুত চলে যান ওই ব্যক্তি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে তার এখনো সরাসরি কথা হয়নি। তবে তাকে আনুষ্ঠানিক অভিযোগ দিতে বলা হয়েছে।
তিনি জানান, ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রক্টর। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদন পাওয়া গেছে।
ক্যাম্পাসে ব্যক্তি বা সংঘবদ্ধ কোনো অপরাধী চক্র যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।