‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হয়।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে। পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছকে যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে বড় করে তোলার আহ্বান জানান বক্তারা।