বাংলাদেশে কেন বিদ্যুৎ সরবরাহ কমেছে, জানাল আদানি পাওয়ার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩
বাংলাদেশে কেন বিদ্যুৎ সরবরাহ কমেছে, জানাল আদানি পাওয়ার



ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র। ভারতীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হওয়ায় কেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে।


এর ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সমন্বয় করতে হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। সাম্প্রতিক সময়ে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া প্রথম ব্যাখ্যা।


পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি থেকে বেশিরভাগ সময় গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।


আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে উৎপাদন ও সরবরাহ কমিয়ে রাখা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) নিয়মিত অবহিত করা হচ্ছে।


প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কয়লাবাহী রেকের স্বাভাবিক চলাচল দ্রুত নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছে আদানি পাওয়ার।


বিদ্যুৎ সরবরাহে প্রভাব কমিয়ে আনতে এবং গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।


আদানি পাওয়ারের বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুদ কমে গেছে। এর প্রভাব পুরো অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা সরবরাহের ওপর পড়েছে।


গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য