দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে দাবি করে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়েনি। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে শহরের প্রধান সড়কে একটি মিছিল বের করা হয়।
আব্দুল বারী বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে। রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক থাকার পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।
রমজান মাসে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম রমজানে পণ্যের দাম বাড়েনি।
মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আন্তর্জাতিক বাজারে সংকট থাকলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে দাবি করেন তিনি। তবে প্রতিবেশী দেশের সঙ্গে দামের পার্থক্যের কারণে তেল পাচার ঠেকাতে সম্প্রতি মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন আব্দুল বারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে সংলাপ ও সহযোগিতার উদ্যোগ নিচ্ছেন।
জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি সংশোধন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিরোধী দলের জন্য নির্ধারিত পদ রয়েছে জানিয়ে তিনি তাদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশে স্বৈরাচারী শাসনের প্রত্যাবর্তন ঠেকাতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।