আর কোনো প্রতিষ্ঠান, বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

দে
হযরত বেল্লাল
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ১৪:৫৩
আর কোনো প্রতিষ্ঠান, বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী



পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদীভাঙনে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বাজার, মাঠ-ঘাট ও মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হতে দেওয়া হবে না। নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলে সাময়িক কাজের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী সমাধান করা হবে।


শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার বাজার ঈদগাহ মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনসহ সংশ্লিষ্টদের বেতন-ভাতা চালু করা হয়েছে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসব এলাকায় নদীভাঙনের ভয়াবহতা সরেজমিনে দেখেছেন। শুধু জিও ব্যাগ ফেলে স্থায়ীভাবে নদীভাঙন ঠেকানো সম্ভব নয়। তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে।


পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি সরকার ক্ষমতায় আসছে, এমন প্রত্যাশায় কোনো নেতাকর্মী যেন গাড়ির গতি বাড়িয়ে না দেন। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। হাট-বাজার ও রাস্তাঘাটে বয়োজ্যেষ্ঠ ও মুরুব্বিদের সম্মান করতে হবে এবং প্রয়োজনে তাদের জন্য আসন ছেড়ে দিতে হবে।


ফরহাদ হোসেন আজাদ বলেন, সুন্দরগঞ্জের মানুষ সুন্দর, তাই বিএনপি সরকার সুন্দরগঞ্জকে সুন্দরভাবে সাজাবে।


এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে নদীপথে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে সুন্দরগঞ্জের লালচামার খেয়াঘাটে পৌঁছান। সেখানে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।


পথসভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য