গ্যাস অনুসন্ধানে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতার কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগের সরকারের সময়ে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) দুর্বল করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গ্যাসের উৎস অনুসন্ধানে সরকার ৩০টি কূপ খননের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আরও সাতটি কূপ খননের কাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে বিভিন্ন ধরনের জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় গ্যাস অনুসন্ধানের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় গভীর সমুদ্রে ভাসমান এলএনজি স্টেশন স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
ভাসমান এলএনজি স্টেশন স্থাপন করা হলে দেশের জ্বালানি সংকট কিছুটা কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।