আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৪
আলোচিত নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে


ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা শুরু হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর সোমবার (২৪ আগস্ট) রায় দিচ্ছেন হাইকোর্ট।


বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করছেন। গত ২০ আগস্ট মামলাটির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষ হওয়ার পর আজ রায়ের দিন ধার্য করা হয়।


এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ছিলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।


নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।


নুসরাতের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এবং বিচারিক আদালতে তাদের মৃত্যুদণ্ডের রায় আসে।


হাইকোর্টে ওই মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের করা আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য