রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ছয় শিশুকে দায়িত্বহীনভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কেউ দায় এড়াতে পারে না। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে তিনি যৌক্তিক ও সঠিক বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ-এ হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের একটি কক্ষে প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের সংকট তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে শিশুদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া উচিত ছিল। তিনি বলেন, একটি শিশুকে সরিয়ে নেওয়ার পর তার অবস্থার উন্নতি হলে বাকি শিশুদেরও একই ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।
তিনি অভিযোগ করেন, একের পর এক ছয় শিশুর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব দেয়নি। এমনকি সংশ্লিষ্ট কক্ষটি পরিদর্শন করতেও উদ্যোগী হয়নি, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে।
ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যেকোনো মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে মানসিকতা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
আদ্-দ্বীন হাসপাতাল যদি লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে, সেক্ষেত্রে সরকারের অবস্থানই বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রোগীদের প্রতি আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।