সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে থাকা গ্রেপ্তারি পরোয়ানার নথিপত্র দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে বিচারের আওতায় আনা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের ঘটনার সঙ্গে জড়িত নন, তার বিরুদ্ধে গুম ও হত্যাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, শাপলা চত্বরের ঘটনা, একরাম হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে প্রায় ১০টি মামলার তদন্ত চলছে।
তিনি আরও বলেন, সাবেক এই পুলিশ প্রধান অতীত সরকারের সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। র্যাব ও পুলিশে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও হত্যার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
আমিনুল ইসলাম বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা গেলে ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর বিচারে তাকে হাজির করা হবে। আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযোগগুলোর নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।