তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ ছাড় করা হয়।
ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক আমানত তুলে নেওয়ায় তারল্য সংকটে পড়ে ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলতে থাকায় ব্যাংকটির ওপর চাপ আরও বেড়ে যায়।
পরিস্থিতির কারণে অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় তারা।
এ অবস্থায় গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি আশ্বাস দেন, ব্যাংকটির চলমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা থাকবে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তা ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।