দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
এর আগে গত ১০ জুন স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫৮ টাকা কমে ৪ হাজার ৮৪১ টাকায় নেমে এসেছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস পেয়েছিল।