বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মধ্যরাতে হঠাৎ পর্তুগাল সমর্থকগোষ্ঠীর ঝটিকা মিছিল বের হয়।
শুক্রবার (১২ জুন) রাতের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এসময় পর্তুগাল সমর্থকরা “একটা একটা ব্রাজিল ধর, ধরে ধরে সেভেনআপ ভর”, “একটা একটা আর্জেন্টিনা ধর, ধরে ধরে পেনাল্টি ভর”, “রোনালদো, রোনালদো”, “ভিভা পর্তুগাল”সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “পর্তুগাল শুধু একটি ফুটবল দল নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের আবেগের নাম। দলের নান্দনিক ফুটবল, লড়াকু মানসিকতা এবং ধারাবাহিক সাফল্য আমাদের অনুপ্রাণিত করে। পর্তুগালের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশের অংশ হিসেবে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছে।”
তারা আরও বলেন, “বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় Cristiano Ronaldo-এর নেতৃত্বে পর্তুগাল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সাম্প্রতিক সাফল্যে আমরা আনন্দিত এবং ভবিষ্যতে আরও বড় অর্জন দেখার প্রত্যাশা করি।”
সমর্থকরা জানান, ক্যাম্পাসে পর্তুগালের সমর্থক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দলের প্রতি ভালোবাসা থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
মিছিলটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি শেষে তারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ আবাসস্থলে ফিরে যান।