রেশন দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজির হয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। গত ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তাকে জেরা করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তিনি গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য না করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আবারও আলোচনায় আসেন।
জানা গেছে, রেশন দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ সূত্র ধরেই নুসরাত জাহানের নাম তদন্তের আওতায় আসে। তদন্তকারী সংস্থা তাকে মূলত আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাইয়ের জন্য তলব করে।
দীর্ঘ জেরার পর তার বিরুদ্ধে নানা আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। রেশন দুর্নীতি ছাড়াও ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামের একটি সংস্থার আর্থিক জালিয়াতির প্রসঙ্গ টেনে অনেকে মন্তব্য করেন। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা ছড়িয়ে পড়ে।
এর মধ্যেই নুসরাত নতুন কিছু ছবি প্রকাশ করেন, যেখানে তাকে ট্যাঙ্ক টপ, শর্টস ও রোদচশমায় দেখা যায়। তবে ছবির চেয়ে বেশি আলোচনায় আসে তার দেওয়া ক্যাপশন।
সেখানে তিনি লেখেন, অভিযোগ আর অপবাদের মাঝেও সত্যের অপেক্ষায় শান্তি খুঁজছেন। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে তিনি ইঙ্গিতপূর্ণভাবে লেখেন, নিন্দুকদের যা ইচ্ছে বলার স্বাধীনতা রয়েছে।
তদন্তকারী সূত্র জানিয়েছে, কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগের সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেই সময় কোনো আর্থিক লেনদেন বা সংশ্লিষ্টতার বিষয় রয়েছে কি না, তা নিয়েই মূলত তদন্ত চলছে।