হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক উত্তাপ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবস্থানকে ‘একটু চালাকি’ বলে মন্তব্য করেছেন। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরান আবার হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করছে, তবে তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা বর্তমানে “খুবই ভালোভাবে” এগোচ্ছে এবং বিষয়টি নিয়ে শিগগিরই অগ্রগতির তথ্য পাওয়া যেতে পারে। তার মতে, পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা এখনো সক্রিয় রয়েছে।
এর আগে হরমুজ প্রণালিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় বন্ধের ঘোষণা দেয় ইরান, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি হয়। তবে একই সময়ে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অবস্থান নিয়ে প্রতিক্রিয়ায় ইরানি বিশ্লেষক মোস্তফা খোশচেশম দাবি করেন, যুক্তরাষ্ট্রের আচরণ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সংঘাতময় হতে পারে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং দেশের জনগণও প্রতিরোধের পক্ষে অবস্থান নিচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরান বর্তমানে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য যেকোনো মুখোমুখি পরিস্থিতিতে তারা নিজেদের অবস্থান প্রমাণ করতে প্রস্তুত।
হরমুজ প্রণালিকে ঘিরে এই টানাপোড়েন বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক শিপিং ব্যবস্থার ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।