নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র স্কেভেটর (ভেকু) ব্যবহার করে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে আসছিল। এসব মাটি ড্রাম ট্রাকের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হতো, যার ফলে হুমকিতে পড়ছিল স্থানীয় কৃষি উৎপাদন।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে কৃষি জমি নষ্ট করে মাটি বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত দুই মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে কৃষি জমি সুরক্ষা ও বালুমহাল সংশ্লিষ্ট আইনে তাদের দুইজনকে সর্বমোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায়ের পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ীরা ভবিষ্যতে আর কখনো কৃষি জমিতে স্কেভেটর ব্যবহার করে মাটি কাটবেন না মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষি জমি রক্ষায় সরকার অত্যন্ত কঠোর। অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।