পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তি কাজল মৃধা, যিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, কাজল মৃধা পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন-এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।
কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আটক কাজল মৃধার দাবি, ওই অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে সঙ্গে রাখা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।