নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আদালতের নির্দেশ থাকলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংবিধানের ১৪৮ আর্টিকেল অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর যদি স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তবে, শপথ অনুষ্ঠানের সঠিক সময় ও তারিখ এখনো কমিশনকে অফিসিয়ালি জানানো হয়নি।
এছাড়া তিনি উল্লেখ করেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যে অভিযোগ এসেছে তা যাচাই-বিশ্লেষণ করা হবে। নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আইন অনুযায়ী হাইকোর্টে আবেদন করা যেতে পারে এবং আদালতের নির্দেশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন তাদের কাজ আরও স্বচ্ছ ও জনগণের কাছে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন নেই। মাঠপর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করেছেন। তিনি আল্লাহর সহায়তায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে বিশ্বাস প্রকাশ করেছেন।