মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, আগে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা কমিয়ে এখন ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেসসচিব। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে এবং স্থানীয় উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
শফিকুল আলম আরও বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন আনা হয়, যেগুলো কিছুটা রিপাবলিশ করে বাজারে বিক্রি করা হয়। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। ট্যাক্স কমানোর এই সিদ্ধান্তের মাধ্যমে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে এসব ফোনের দামও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে মোট ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মোট পাঠ্যপুস্তকের প্রায় ৮৩ শতাংশ ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি বইগুলো বিতরণ করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।