দেশে দক্ষতার অমিলের কারণে যে সামান্য কর্মসংস্থানের সুযোগ আছে, তাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতীতে কিছু পদে বিদেশ থেকে কর্মী আনতে হয়েছে। সীমিত বিনিয়োগ ও নিম্নমানের দক্ষতার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে।
বিশেষজ্ঞরা জানান, শিক্ষার মান যত বাড়ছে, চাকরি পাওয়ার সম্ভাবনা তত কমছে। এইচএসসি বা এসএসসি পাস করা অনেকে দ্রুত কাজ খুঁজে পান। কিন্তু স্নাতক ও স্নাতকোত্তরেরা দীর্ঘ সময় অপেক্ষা করেন।
তারা আরও বলেন, অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বা অন্যান্য সরকারি চাকরির জন্য অপেক্ষা করেন। কিন্তু পদ সংখ্যা সীমিত হওয়ায় তাদের বেকারত্ব তুলনামূলকভাবে বেশি। বিপরীতে, কম শিক্ষিতরা স্বল্প সময়েই নানা খাতে কাজ জোগাড় করতে পারেন।