দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। টানা চার দফা দাম কমার পর এবার মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, নতুন এ দাম আজ সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, আজ সকালেই বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয় এবং তা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল। তবে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে পুনরায় দাম বাড়িয়ে স্বর্ণকে আগের দামে ফিরিয়ে আনা হলো।