চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকার কাজী আব্দুল আউয়াল (৮০) এবং চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫)।
নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তারা নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (২৩ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জন।
গত ৪ জুন থেকে জেলায় মোট ৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।