সারা দেশে সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে, যা মোট অনুমোদিত পদের ২৪.৪০ শতাংশ। সোমবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, দেশে বর্তমানে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি সরকারি পদ অনুমোদিত রয়েছে। এর মধ্যে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন।
পদ শূন্যতার ধারাবাহিকতা গত কয়েক বছর ধরেই চলমান। ২০১৮ সালে ৩ লাখ ৯৩ হাজার, ২০১৯ সালে ৩ লাখ ৮৭ হাজার, ২০২০ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২১ সালে ৩ লাখ ৫৮ হাজার, ২০২২ সালে ৪ লাখ ৮৯ হাজার এবং ২০২৩ সালে ৪ লাখ ৭৩ হাজার পদ খালি ছিল।
বিভিন্ন গ্রেড অনুযায়ী পদ ফাঁকা:
১ম-৯ম গ্রেড: মোট অনুমোদিত পদ ২ লাখ ৫৯ হাজার ৬৫৭; কর্মরত ১ লাখ ৯০ হাজার ৭৭৩; শূন্য ৬৮ হাজার ৮৮৪।
১০-১২তম গ্রেড: অনুমোদিত ৩ লাখ ৬২ হাজার ২৮৯; কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬; শূন্য ১ লাখ ২৯ হাজার ১৬৬।
১৩-১৬তম গ্রেড: অনুমোদিত ৭ লাখ ৬০ হাজার ৬৩৪; কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫; শূন্য ১ লাখ ৪৬ হাজার ৭৯৯।
১৭-২০তম গ্রেড: অনুমোদিত ৫ লাখ ১৯ হাজার ৮১২; কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭; শূন্য ১ লাখ ১৫ হাজার ২৩৫।
বিশেষ পদ: ১৬ হাজার ১১৬টির বিপরীতে কর্মরত ৭ হাজার ৮৯০; শূন্য ৮ হাজার ১৩৬।
প্রতিষ্ঠান অনুযায়ী শূন্য পদ:
মন্ত্রণালয় ও বিভাগে: ৬ হাজার ৬৪টি
অধিদপ্তর ও পরিদপ্তরে: ২ লাখ ৯৬ হাজার ১১২টি
বিভাগীয় কমিশনার/জেলা প্রশাসকের দপ্তরে: ১৫ হাজার ২৯টি
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনে: ১ লাখ ৫১ হাজার ১৫টি
উল্লেখ্য, ১ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত গেজেটেড পদে নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আর ১৩ থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।