গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী এলাকায় রতন মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে।
গত ২৬ এপ্রিল (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত রতন মিয়া সিংগারদিঘী গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় রতন মিয়া তার মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে শৈলাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চকপাড়া ফাঁড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার গতিরোধ করে।
অভিযোগে সিংগারদিঘী গ্রামের মৃত ইছব আলীর ছেলে আইয়ুব আলী (৫০) ও মৃত আশ্রব আলীর ছেলে হুমায়ুন কবিরের নেতৃত্বে সুজন খাঁ, রবিন খাঁ ও নাঈম খাঁসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে রতন মিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে মোটরসাইকেল থেকে টেনে-হেঁচড়ে নামিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি এবং লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে।
আহত রতন মিয়া জানান, হামলার একপর্যায়ে ২নং বিবাদী হুমায়ুন কবির তার পকেটে থাকা ব্যবসার পুঁজির নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা হুঁশিয়ারি দেয় যে, এ ঘটনায় আইনের আশ্রয় নিলে রতন মিয়াকে চিরতরে শেষ করে দেওয়া হবে।
ঘটনার পর রতন মিয়ার ছোট ভাই রাসেল তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, সন্ত্রাসীদের ভয়ে তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।